ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গম্ভীরা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যা এবং ইএসডিওর উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা গম্ভীরা পরিবেশন করেন। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে স্থানীয় প্রায় চার শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন।

গম্ভীরা পরিবেশনার মাধ্যমে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও সঠিকভাবে ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বিনোদনমূলক ও সৃজনশীল এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পানি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বাড়বে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের সক্রিয় অংশগ্রহণ বাড়বে বলে আশা করেন তারা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ