দুর্যোগ মোকাবিলায় মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের উদ্ধার প্রশিক্ষণ

মনপুরা (ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

পরিবেশ অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ জলবায়ু উপকূলীয় দ্বীপ ও নদীর চরাঞ্চলের জন্য অভিযোজন উদ্যোগ’ প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে দুর্যোগের সময় নিখোঁজ ও বিপদগ্রস্ত ব্যক্তিদের অনুসন্ধান, উদ্ধার, নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সিপিপি স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ পরিচালনা করছেন বরগুনার উপ-পরিচালক আব্দুর রশিদ মেজবাহ। এছাড়া সিপিপির সাবেক ভোলা উপ-পরিচালক আব্দুর রশিদ, পাথরঘাটা অফিসার বদিউজ্জামান এবং সিপিপি মনপুরা উপজেলার অফিসার মাহতাবুল বারী শিপু প্রশিক্ষণ কার্যক্রমে দায়িত্ব পালন করছেন।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে স্বেচ্ছাসেবকরা দুর্যোগের সময় দ্রুত ও কার্যকরভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় আরও সক্ষম হবেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ