কুলিয়ারচরে বন্যার্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন এবং বন্যাকবলিত কৃষক ও দুস্থদের মাঝে সরকারি বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম।
সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যের অনুকূলে পাওয়া ক্রীড়া সামগ্রী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ঢেউটিন ও শুকনো খাবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও জিআর চাল বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ খুঁজে বের করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকার আহ্বান জানান তিনি।
বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘব এবং উপজেলার সার্বিক উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ ও প্রণোদনা বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. আলী জিন্নাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

