করিমগঞ্জে শরবত খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ, জঙ্গলে অচেতন চালক উদ্ধার
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে শরবতের সঙ্গে অচেতন করার উপাদান মিশিয়ে ব্যাটারিচালিত মিনি অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অটোরিকশাচালক মো. রফিকুল (৩০) করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল দেহুন্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রামের বাসিন্দা। প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে কেনা ব্যাটারিচালিত মিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। অটোরিকশাটির চেসিস নম্বর XGD2069।
রফিকুলের অভিযোগ, ঘটনার দিন তিনি সাকুয়া ব্রিজের পূর্ব পাশে অটোরিকশা নিয়ে অবস্থান করছিলেন। এ সময় দুই ব্যক্তি করিমগঞ্জ উপজেলা হাসপাতালে যাওয়ার কথা বলে তার গাড়িতে ওঠেন। হাসপাতালে পৌঁছানোর পর তারা একজন রোগীকে নিয়ে সাকুয়া যাওয়ার কথা বলে। তাদের সঙ্গে ভাড়া ঠিক করে রফিকুল গাড়িতে থাকা আগের তিন যাত্রীকে করিমগঞ্জ বাজারে নামিয়ে দেন।
পরে ওই দুই ব্যক্তিকে নিয়ে তিনি করিমগঞ্জ উপজেলা হাসপাতালের নতুন ভবনের সামনে যান। সেখানে শরবত বিক্রেতার কাছ থেকে একজন শরবত নিয়ে পান করেন এবং রফিকুলকেও এক গ্লাস শরবত দেন। অভিযোগ অনুযায়ী, শরবত পান করার কিছুক্ষণ পর রফিকুল অসুস্থবোধ করতে শুরু করেন।
রফিকুলের দাবি, এরপর ওই ব্যক্তি একটি মাইক্রোবাস দেখিয়ে সেটি পাঁচ লাখ টাকা দিয়ে কেনার কথা বলেন। এসির বাতাস খাওয়ার কথা বলে তাকে গাড়িটির কাছে নিয়ে যাওয়া হয়। মাইক্রোবাসে ওঠার পর তিনি আর কিছু মনে করতে পারেননি।
পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, কিশোরগঞ্জ নতুন জেলখানার প্রায় ২০০ গজ পূর্ব পাশে একটি কাঁচা রাস্তার পাশের জঙ্গলে অচেতন অবস্থায় পড়ে ছিলেন রফিকুল। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
কিছুটা সুস্থ হওয়ার পর নিজের অটোরিকশাটি বিভিন্ন স্থানে খোঁজ করেও না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
রফিকুলের দাবি, করিমগঞ্জ উপজেলা হাসপাতালের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে তার অটোরিকশাটি নিয়ে যেতে দেখা গেলেও তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী অটোরিকশাটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ ঘটনায় অভিযোগের সত্যতা, অটোরিকশা ছিনতাইয়ের প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।

