হোসেনপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে বিনামূল্যে উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক।
বুধবার (১৭ জুন) দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কিশোরগঞ্জ-১ অঞ্চলের হোসেনপুর এলাকা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্সের দাবি ও সামাজিক ক্ষমতায়ন-আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির আওতায় এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
বাচ্চা বিতরণের পাশাপাশি খামারিদের সঠিক লালন-পালন, রোগ প্রতিরোধ এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক কাজী নাহিদ ইভা। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে মুরগির বাচ্চার যত্ন, পরিচর্যা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তফাজ্জল হোসেনসহ ব্র্যাকের স্থানীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, মাইক্রোফাইন্যান্স কার্যক্রম শুধু ঋণ সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়; প্রান্তিক মানুষের টেকসই জীবনমান উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
বিনামূল্যে এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

