মাদক-আসক্তি দূরে রাখতে হাওরপাড়ে নাইট ফুটবলে উন্মাদনা, মাঠে হাজারো দর্শকের ঢল
হারুনূর রশিদ: হাওরের অজপাড়াগাঁয়ে রাতের আঁধারেও ফুটবল উন্মাদনা। সন্ধ্যা পেরিয়ে রাত, তবু মাঠজুড়ে হাজারো দর্শকের উপচেপড়া ভিড়। চারদিকে করতালি, উল্লাস আর খেলোয়াড়দের নান্দনিক নৈপুণ্যে জমে ওঠে ফুটবল উৎসব। মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এমনই প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে শরীফপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রিং তারা একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শরীফপুর পাক্কাবাড়ি একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। খেলা দেখতে সন্ধ্যা থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মাঠে জড়ো হতে থাকেন দর্শকেরা। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়। রাতের এ ফুটবল আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।
মো. হারিছ মিয়ার সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নাছির উদ্দীন হারুন, ইউনিয়ন বিএনপির সভাপতি নজু মিয়া, সহসভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইকেল মিয়া, ইউপি সদস্য নাজমুল হাসান, আব্দুল কাদির, সবুজ মিয়া ও আহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা পরিচালনা করেন মো নাজমুল হাসান।
আয়োজক কমিটির সদস্য মো. নাঈম মিয়া বলেন, ‘যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এ আয়োজন। টুর্নামেন্টে মোট ১৬টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেয়। সেখান থেকে দুটি দল ফাইনালে ওঠে। প্রতিটি খেলায় দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। দর্শকদের এমন আনন্দ দিতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই।
খেলা দেখতে আসা দর্শক বজলু মিয়া বলেন,‘ফাইনাল খেলায় খেলোয়াড়দের নান্দনিক নৈপুণ্য মুগ্ধ করেছে হাজারো দর্শককে। গ্রামবাংলায় এমন আয়োজন সবাইকে আনন্দিত করেছে। এ ধরনের খেলা নিয়মিত হলে তরুণেরা খেলাধুলায় আরও আগ্রহী হবে।’
অতিথি নাছির উদ্দীন হারুন বলেন, ‘গ্রামে এত সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, এভাবে যুবসমাজ আরও বেশি খেলাধুলায় যুক্ত হোক।’
অতিথি নজু মিয়া বলেন, ‘এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। সারা বছর যাতে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে, সে জন্য মাঠের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব।’

