কিশোরগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তালিকাভুক্ত হলো শ্রী শ্রী সন্ধ্যা মহাশ্মশান
পুলক কিশোর: কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কালটিয়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী সন্ধ্যা মহাশ্মশান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তালিকাভুক্ত হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ট্রাস্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্তির সনদ প্রদান করে। যার তালিকাভুক্তি নম্বর ১৩৭৬০/কিশো/০৩। ২০২৫ সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী সন্ধ্যা মহাশ্মশানটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ ও সনাতন ধর্মীয় রীতিনীতি সংরক্ষণের লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে। স্থানীয় পর্যায়ে ধর্মীয় কার্যক্রম ও সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠানটির গুরুত্ব রয়েছে।
সরেজমিনে দেখা যায়, মহাশ্মশান প্রাঙ্গণে সীমানাপ্রাচীর নির্মাণ, নামফলক স্থাপন এবং পরিবেশের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার পাশাপাশি প্রাঙ্গণটিকে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের উপযোগী করে গড়ে তোলার প্রচেষ্টা দৃশ্যমান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আনুষ্ঠানিক তালিকাভুক্তি প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে ভবিষ্যতে মহাশ্মশানের সাংগঠনিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, সংরক্ষণ ও পরিচালনাব্যবস্থা আরও সুসংগঠিত করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে শ্রী শ্রী সন্ধ্যা মহাশ্মশানটির উন্নয়ন ও যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল ও উপযোগী ধর্মীয় স্থাপনা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

