মিঠামইনে প্রণোদনার বীজ-সার পাচ্ছেন ১ হাজার ৮০ কৃষক

হারুনুর রশিদ: কিশোরগঞ্জের মিঠামইনে রবি মৌসুমে মসলা জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাজাহারুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা অমিত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রুবেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিঠামইনের বাস্তবায়নে এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার উদ্যোগ কৃষি সম্প্রসারণা কর্মসূচির আওতায় ১ হাজার ১০ জন কৃষককে সরিষা এবং ৭০ জন কৃষককে চিনাবাদাম চাষের জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রত্যেক সরিষাচাষি কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, গত বছর মিঠামইন উপজেলায় ৩৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫০ হেক্টর। কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার সরবরাহের মাধ্যমে সরিষার আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির আশা করছে কৃষি বিভাগ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ