ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে রিমন হোসেন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একই পথে সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন রিমন। পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভ্যানের ধাক্কায় তিনি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রিমন ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ