সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার রুহুল আমিনের ছেলে হাফিজুল ইসলাম জাম্বু (৪১) এবং বশিপুর লকু পশ্চিম কলোনি এলাকার নাজিম উদ্দিন চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৩২)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুল ইসলাম জাম্বুর দখলে থাকা একটি সেমিপাকা বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের কৌটায় রাখা পলিথিনের প্যাকেট থেকে ১০২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং অপর একটি প্যাকেটে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

