ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক সুবীর বসাকের স্মরণে কিশোরগঞ্জ প্রেসক্লাবে শোকসভা
আমার বাংলাদেশ রিপোর্ট: কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা, প্রবীণ সাংবাদিক ও ছড়াকার সুবীর বসাকের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি অ্যাড. শেখ মাসুদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু, কার্যকরী সদস্য এবং দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শামছুল আলম সেলিম, ঢাকা টাইমস’র জেলা প্রতিনিধি আমিনুল হক সাদী, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট ও ইত্তেফাকের সাবেক জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মনির হোসেন, ইত্তেফাকের জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার শরীফুল ইসলাম, দৈনিক নতুন সময়ের জেলা প্রতিনিধি এমএ আজিজ, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ভুইয়া, স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি কাঞ্চন শিকদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম সালেহ বাবুল, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক সকাল বেলার জেলা প্রতিনিধি নূর আহম্মেদ পলাশ, দৈনিক দিকদিগন্তের জেলা প্রতিনিধি মিজানুর রহমান শাহীন, রূপসী বাংলার জেলা প্রতিনিধি মো. আল-আমিন, জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি আতাউল হাসান দিনারসহ অন্যরা।
বক্তারা বলেন, সুবীর বসাক ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও সংস্কৃতিমনা মানুষ। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে কিশোরগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।দ
সভায় বক্তারা প্রয়াত সুবীর বসাকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সুবীর বসাক গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত থাকা সুবীর বসাক কিশোরগঞ্জের সংবাদমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

