প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেলেন অষ্টগ্রামের হাফেজ আশরাফী
নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাফল্য অর্জন করা কিশোরগঞ্জের অষ্টগ্রামের হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফীকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে আশরাফীর হাতে বই উপহার দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের হাফেজদের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় ৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের কৃতি সন্তান হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী।
এর আগে একই প্রতিযোগিতার ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া। এছাড়া ১৫ পারা বিভাগে হাফেজা রাবেতা বিনতে রমজান এবং ৩০ পারা বিভাগে হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার।
তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের অর্জন শুধু তাদের নিজেদের নয়, এটি দেশের সকল মুসলমানের অর্জন।
প্রধানমন্ত্রী আরও বলেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করা হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ পাবে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় দেশের ছেলে-মেয়েদের অংশগ্রহণের মাধ্যমে নিজেদের পাশাপাশি দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনার আহ্বান জানান তিনি।
দেশে শান্তি প্রতিষ্ঠা ও পরিবর্তনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজের ধরন ভিন্ন হলেও লক্ষ্য একই—দেশে শান্তি প্রতিষ্ঠা করা, যাতে মানুষ ভালো ও শান্তিতে থাকতে পারে।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় পুরস্কারজয়ী হাফেজদের শিক্ষক কাইয়ুম মোল্ল্যা, মুঈনুদ্দীন মজুমদার, আবু বকর, সাজেদা খাতুন ও মাওলানা রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

