হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দিলালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান সলিম

ফয়েজ আহমেদ মামুন: ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক জিয়াউর রহমান সলিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

জিয়াউর রহমান সলিমের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বেদনাদায়ক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওমর ফারুক।

জিয়াউর রহমান সলিম ছিলেন সদালাপী, বিনয়ী ও সবার কাছে প্রিয় একজন শিক্ষক। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে তিনি সবসময় হাসিমুখে কথা বলতেন। দীর্ঘদিন শিক্ষকতা করার সুবাদে দিলালপুর এলাকার মানুষের সঙ্গে তাঁর গড়ে ওঠে আন্তরিক সম্পর্ক।

জিয়াউর রহমান সলিম কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল কুদ্দুসের ছোট ছেলে। প্রাইম ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি দিলালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জিয়াউর রহমান সলিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ