করিমগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান, ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নেয়ামতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে করিমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযান পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির। এ সময় তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

অভিযানে সার্বিক সহযোগিতা করে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এদিকে স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে প্রশাসনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

উপজেলা প্রশাসন, করিমগঞ্জের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ