তাড়াইলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার (১৬ জুন) তিন দিনব্যাপী “কৃষি প্রযুক্তি মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। সকাল ১১টায় তারা যৌথভাবে মেলার উদ্বোধন করেন।
তিন দিনব্যাপী এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত কৃষিযন্ত্র, নতুন জাতের ফসল, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে। মেলায় উপজেলার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করেছে।
তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায় জানান, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি মেলায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, মেলা চলাকালে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন স্টল, প্রযুক্তি প্রদর্শনী, কৃষি পরামর্শ সেবা এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

