করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান, সচেতনতার ডাক

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ ও ডেঙ্গুর হাত থেকে উপজেলার সাধারণ মানুষকে রক্ষা করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও কলেজ মোড় প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিচ্ছন্নতা অভিযানে ৪টি বিশেষ টিম: ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে পুরো উপজেলা সদরে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এর জন্য ৪টি বিশেষ টিম গঠন করে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়:

  • টিম-০১: রিকশা মোড় এলাকা

  • টিম-০২: থানা মোড় এলাকা

  • টিম-০৩: কলেজ মোড় এলাকা

  • টিম-০৪: হাইস্কুল এলাকা

পাশাপাশি উপজেলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে স্ব স্ব অফিস চত্বরেও একযোগে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

সময় টিভির পাঠকদের জন্য ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি নির্দেশনা:

সাধারণ মানুষকে ডেঙ্গু থেকে সতর্ক থাকতে এবং এডিস মশার বংশবিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বার্তা ও করণীয় তুলে ধরা হয়েছে:

সচেতনতামূলক ৪ বার্তা: ১. সাধারণত বর্ষাকালে (আগস্ট-অক্টোবর) ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে। তবে এই সময় থেকেই সবাইকে অধিক সতর্ক থাকতে হবে। ২. ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। ৩. অফিস, ঘর ও এর আশেপাশে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। যেকোনো পাত্রে জমিয়ে রাখা বা জমে থাকা পানি ৩ দিনের মধ্যে অবশ্যই ফেলে দিতে হবে (তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন)। ৪. এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়। তাই দিনের বেলা যথাসম্ভব লম্বা পোশাক পরিধান করুন এবং ঘুমানোর ক্ষেত্রেও মশারি ব্যবহার নিশ্চিত করুন।

ডেঙ্গু হলে করণীয় ও লক্ষণ:

  • লক্ষণ: তীব্র জ্বর, মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা এবং শরীরে লালচে দানা (র‍্যাশ) ইত্যাদি ডেঙ্গুর প্রধান লক্ষণ। তবে সাম্প্রতিককালে এর ব্যতিক্রমী লক্ষণও দেখা যাচ্ছে।

  • ওষুধের ক্ষেত্রে সতর্কতা: জ্বর হলে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথানাশক (Painkiller) ওষুধ খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়ান।

  • চিকিৎসকের পরামর্শ: জ্বর হওয়ার সাথে সাথে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং ডেঙ্গু পরীক্ষা করান।

  • জ্বর পরবর্তী সতর্কতা: জ্বর ভালো হয়ে যাওয়ার পরও ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তাই কোনো অবহেলা না করে সতর্ক থাকুন এবং প্রয়োজনে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করুন।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু মুক্ত করিমগঞ্জ গড়তে এই পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ