নিকলীতে শিক্ষক-শিক্ষার্থীদের মাসিক মূল্যায়ন পুরস্কার দেবেন এমপি ইকবাল
জয়দেব আচার্য্য, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যারা লেখাপড়ায় ভালো ফলাফল করবে, তাদের প্রতি মাসে মূল্যায়নের ভিত্তিতে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এমপি ইকবাল বলেন, “প্রতি মাসে একটি করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। যারা পড়াশোনায় ভালো করবে এবং শিক্ষা কার্যক্রমে উৎকর্ষতা দেখাবে, তাদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। শিক্ষকরা নিয়মিত ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করবেন এবং শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে পড়াশোনা করবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক তাদের মন-মানসিকতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। এ কারণেই প্রধানমন্ত্রী দেশের কোমলমতি শিশুদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে।”
‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় সারাদেশের মতো নিকলীতেও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোনাব্বির হোসেন, নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মনির, সমবায় কর্মকর্তা সালেহা খাতুন, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব। পরে প্রধান অতিথি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক স্টল পরিদর্শন করেন।

