তাড়াইলে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের মতবিনিময় সভা
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে মাদক, জুয়া, অনলাইন জুয়া, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় নির্ধারণে প্রশাসন ও পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও তাড়াইল থানার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।
সভায় সভাপতিত্ব করেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, “মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি বর্তমানে সমাজের অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব অপকর্মের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “প্রশাসনের একার পক্ষে সমাজ থেকে মাদক ও জুয়ার মতো অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সন্তানদের প্রতি পরিবারের নজরদারি বৃদ্ধি এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।”
সভাপতির বক্তব্যে ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, “মাদক, জুয়া ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তবে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই এসব অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।”
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমানে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সহজে অর্থ উপার্জনের আশায় অনেক তরুণ এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক নজরদারি বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সবাই মাদক, জুয়া, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয়মুক্ত একটি নিরাপদ, মানবিক ও সুন্দর সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

