বগুড়ার গাবতলীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বগুড়ার গাবতলীতে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বাগবাড়ী এলাকায় ‘নশিপুর চৌকিরদহ খাল’ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যার লক্ষ্য হারিয়ে যাওয়া জলাশয়গুলো পুনরুদ্ধার করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বাড়াতে পানির উৎস সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশজুড়ে খাল ও নদী খননের যে অঙ্গীকার করা হয়েছে, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, খালটির কাজ শেষ হলে আশপাশের কৃষকরা সেচ সুবিধা পাবেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে।

তিনি আরও বলেন, শুধু খনন করলেই হবে না—জলাধারগুলোকে দখল ও দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণের সচেতনতা জরুরি।

স্থানীয় সূত্রে জানা যায়, নশিপুর চৌকিরদহ খালটি দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত। খনন কাজ শেষ হলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ