ধামইরহাটে পুলিশের অভিযানে মাদকসহ ৭ জন গ্রেফতার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে পৃথক তিনটি অভিযানে মাদকদ্রব্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এসব গ্রেফতার ও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ১৮ এপ্রিল রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর (ফকিরপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. ফিরোজ হোসেনের বসতবাড়ির দক্ষিণ পাশ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— মো. ফারুক হোসেন (৩৮) ও মো. মামুন হোসেন (২৫)।
দ্বিতীয় অভিযানে ১৯ এপ্রিল বিকেল ৩টার দিকে জাহানপুর ইউনিয়নের মায়াকানন নার্সারির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল নিষিদ্ধ এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।
তৃতীয় অভিযানে একইদিন রাত ১টা ৪০ মিনিটে ধামইরহাট পৌরসভার চকময়রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন— আশিকুর রহমান (১৯), আল আমিন (২৫), ফিরোজ খাননুন ওরফে পলাশ (৩২) এবং আল আমিন (২৫)।
এছাড়াও নিয়মিত অভিযানের অংশ হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও একজন আসামিকে আটক করা হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

