বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, নামফলক উন্মোচন

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

বহুল প্রত্যাশিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নামফলক উন্মোচনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়, যার ফলে পৌরসভার পরিবর্তে নতুন পরিচয় পেল বগুড়াবাসী।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আজ বগুড়াবাসীর জন্য একটি আনন্দের দিন। শহরটি আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল।” তিনি নগর ব্যবস্থাপনায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিজ নিজ পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সচেতন হতে হবে। বগুড়াকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে সরকার ও জনগণকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অতীতেও উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বর্তমানে বাকি কাজগুলো বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী বগুড়া আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন এবং জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমেরও উদ্বোধন করেন।

জানা গেছে, পরবর্তীতে তিনি গাবতলীর বাগবাড়ীতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সিটি করপোরেশনের যাত্রা শুরুর খবরে বগুড়াবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ