নিকলীতে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবে পাঁচ হাজার মানুষ

জয়দেব আচার্য্য: নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

কিশোরগঞ্জের নিকলীতে দেশব্যাপী নদী–নালা, খাল ও জলধারা খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আরিয়ার বিল খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

নিকলী উপজেলা সদর ইউনিয়নের আরিয়ার বিলের খালটি প্রায় ৬০০ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্থে খনন করা হবে। খালটি খনন সম্পন্ন হলে নিকলী নতুন বাজার, পূর্বগ্রাম, পুরাতন বাজারসহ আশপাশের প্রায় পাঁচ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা কমবে, সেচ সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে নৌপথে যোগাযোগ সহজ হবে এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে সহায়তা করবে। এমন উদ্যোগ নেওয়ায় বক্তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জ ও নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ