নেত্রকোনায় হাইব্রিড চায়না মরিচ চাষে মাঠ দিবস পালিত হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় হাইব্রিড জাতের চায়না মরিচ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা।
সোমবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের হাইলোড়া গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এটি ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মুখশেদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনুমা নওরীন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তামান্না আক্তার ও অসিত দেবনাথসহ প্রায় দেড় শতাধিক কৃষক।
মাঠ দিবসে কৃষকদের উন্নত জাতের মরিচ চাষ পদ্ধতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, উন্নত জাত ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হতে সহায়তা করবে।

