কিশোরগঞ্জে সৈয়দ আশরাফকে স্মরণ

আখড়াবাজার সেতুসংলগ্ন এলাকায় প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে নিজ জেলা কিশোরগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন শ্রদ্ধা জানান। এ ছাড়া সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছেন কীর্তিমান এই রাজনীতিককে। বাদ জোহর জেলার বিভিন্ন মসজিদে প্রয়াত সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৈত্রিক নিবাস সদর উপজেলার যশোদল বীরদামপাড়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি শেখ নূরুন্নবী বাদল, সাধারণ সম্পাদক এমএ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম নূরু, জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

