কিশোরগঞ্জ সোসাইটি অব হেলথ সার্ভিসেসে নতুন কমিটি
আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ সোসাইটি অব হেলথ সার্ভিসেসের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামছুজ্জামান ভূঞা রিটু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান খুশু।
মঙ্গলবার (৩০ জুন) শহরের হোটেল উজান ভাটির চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মানবিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, চিকিৎসাসেবা একটি মহান ও মানবিক পেশা। একজন অসুস্থ মানুষের কাছে একজন চিকিৎসকই সবচেয়ে বড় ভরসার জায়গা। তাই চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
নবনির্বাচিত সভাপতি ডা. মো. হাবিবুর রহমান বলেন, দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা এখনও অপ্রতুল। তবে আধুনিক প্রযুক্তির ব্যবহারে চিকিৎসাসেবার মান দিন দিন উন্নত হচ্ছে। তিনি জেলার স্বাস্থ্যসেবার গুণগত মান আরও বাড়াতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক শামছুজ্জামান ভূঞা রিটু বলেন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। মানবিক মূল্যবোধকে ধারণ করে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খুশু বলেন, চিকিৎসাসেবা একটি মহৎ পেশা। তাই স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সাধারণ মানুষ আরও উন্নত সেবা পায়।
সভায় সংগঠনের সদস্য, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

