কটিয়াদীতে ৩ হাজার ৫৬০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গ্রীষ্মকালীন সবজির বীজ, মরিচের বীজ ও লেবুর চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন ও শফিকুর রহমান বাদল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং চলতি মৌসুমে আমনের আবাদ ও ফলন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি কৃষকদের সঠিক নিয়মে বীজ ও সার ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের আহ্বান জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ