কুড়িগ্রামের ৯ কলেজে পাস করেননি একজনও
মো. জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি:
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ৯টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের ৭০ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে উঠে এসেছে এ চিত্র।
বোর্ডের অধীন আট জেলার ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯টি প্রতিষ্ঠান কুড়িগ্রাম জেলার।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জনের কেউই পাস করেননি। নাগেশ্বরী মডেল কলেজের ১৫ জন, রাজারহাটের সিঙ্গার ডাবরীহাট কলেজের ১০ জন এবং সিঙ্গার ডাবরীর হাট বি. এল. হাই স্কুল অ্যান্ড কলেজের ৬ জনও অকৃতকার্য হয়েছেন।
এ ছাড়া নাগেশ্বরীর কুটি পেয়ারা ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ৫ জন ও চিলাখানা মডেল কলেজের ৪ জন, উলিপুরের হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৩ জন, চিলমারীর দক্ষিণ খাওরিয়া স্কুল অ্যান্ড কলেজের ২ জন এবং রাজারহাটের পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি।
এদিকে, জেলার সামগ্রিক ফলাফলও হতাশাজনক। এ বছর কুড়িগ্রামে ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৭৭৩ জন। পাসের হার ৪০ দশমিক ৭২ শতাংশ।
ফলাফলে ছাত্রীদের চেয়ে পিছিয়ে রয়েছেন ছাত্ররা। ছাত্রদের পাসের হার ৩৫ দশমিক ৯৫ শতাংশ, আর ছাত্রীদের ৪৫ দশমিক ২১ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৩৬ জন। তাঁদের মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতি খারাপ ফলাফলের অন্যতম কারণ হতে পারে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার মধ্যে পাসের হারে কুড়িগ্রামের অবস্থান ষষ্ঠ।

