সান্তাহারে ব্রিটিশ আমলের কালভার্ট ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার শঙ্কা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

ব্রিটিশ আমলে নির্মিত কালভার্ট। সময়ের সঙ্গে জরাজীর্ণ হয়ে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এটি। বগুড়ার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকায় সান্তাহার-নওগাঁ সড়কের ওপর অবস্থিত কালভার্টটি দিয়ে প্রতিদিন চলাচল করছে অসংখ্য যানবাহন ও পথচারী। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় কালভার্টটি ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ঝুঁকিপূর্ণ কালভার্টটি পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যে কালভার্টটির দায়িত্ব নিয়ে বগুড়া ও নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের মধ্যে দেখা দিয়েছে জটিলতা। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ বলছে, কালভার্টটি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের অধীনে। দুই বিভাগের এমন দায়িত্ব ঠেলাঠেলিতে আটকে আছে সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ।

এদিকে কালভার্টটি দ্রুত নতুন করে নির্মাণের বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদারের সঙ্গে আলোচনা করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ সময় তিনি কালভার্টটি নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তারা।

পরিদর্শনকালে সান্তাহার সচেতন নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, দুই জেলার সড়ক ও জনপথ বিভাগের মধ্যে সমন্বয়হীনতা দূর করে দ্রুত কালভার্টটি নতুন করে নির্মাণ করতে হবে।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, মেয়রের দায়িত্বে থাকাকালীন দুই জেলার সড়ক ও জনপথ বিভাগের দায়িত্ব নিয়ে টানাপোড়েনের কারণে কালভার্টটি নির্মাণ করা সম্ভব হয়নি। দুর্ঘটনা ঘটার আগেই এটি নতুন করে নির্মাণে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।

এ সময় সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম, যুবদলের দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেল, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, পৌর জাসাসের সভাপতি জামিল হোসেন ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ