বগুড়ার শিবগঞ্জে নকল সিগারেট কারখানায় অভিযান, গ্রেফতার ৩

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, রাজস্ব স্ট্যাম্প ও তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) ভোররাতে উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে একটি বসতবাড়িতে গড়ে ওঠা অস্থায়ী কারখানায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির কর্মকর্তা অসিত কুমার ঘোষ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, প্রবাসী আনোয়ার হোসেনের ভাড়া বাসায় একটি চক্র নকল ডার্বি ও স্টার সিগারেট তৈরি করছে। পরে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় মো. সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। তারা নীলফামারী জেলার সদর উপজেলার বাসিন্দা।

অভিযানে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প (আনুমানিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা), ৩২০ প্যাকেট ডার্বি সিগারেট (৩ হাজার ২০০ শলাকা), ১০ হাজার শলাকা খোলা স্টার সিগারেট, ৪ হাজার খালি প্যাকেট এবং সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(এ) এবং ট্রেডমার্ক আইন, ২০০৯ এর ১৩ ধারায় মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ