আবরারের হত্যাকারীরা উপযুক্ত শাস্তি পাবে : আইনমন্ত্রী আনিসুল হক
ডেস্ক রিপোর্ট: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদকে যারা হত্যা করেছে এবং হত্যা ঘটনায় যারা জড়িত আছে সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১০টার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবারে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আবরার হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আনিসুল হক বলেন, বিএনপির দায়িত্বজ্ঞানহীন নেতারা সব দুর্ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন। বিএনপি নেতাদের কর্মকাণ্ড দেশবাসী জানে। ওনারা যে বেসুরা গান গাচ্ছেন এতে জনগণ কান দেবে না। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। আর বিএনপি এই শাসন নষ্ট করেছিল।
এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

