কিশোরগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা সাজিয়ে মামলায় জড়ানোর অভিযোগ
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের করিমগঞ্জে এক জুয়েলারি ব্যবসায়ীকে ছাত্রলীগের নেতা সাজিয়ে নাশকতার মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগের উপজেলা কমিটির প্যাড সম্পাদনা করে ওই ব্যবসায়ীর নাম সাংগঠনিক সম্পাদক হিসেবে যুক্ত করা হয়েছে। অথচ তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছে তাঁর পরিবার। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের গৌরাঙ্গ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন গ্রেপ্তার তোফাজ্জল হোসেন রাজার (২২) মা মুর্শিদা আক্তার ও চাচা মো. জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জসিম উদ্দিন বলেন, তোফাজ্জল হোসেন রাজা করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া মীরপাড়া গ্রামের মৃত বকুল মীরের ছেলে। তিনি মিঠামইন উপজেলার কাটখাল বাজারে জুয়েলারি ব্যবসা করেন। পরিবারের দাবি, রাজা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। এমনকি তিনি প্রাথমিক শিক্ষাও শেষ করেননি।
জসিম উদ্দিন অভিযোগ করেন, ছাত্রলীগের করিমগঞ্জ উপজেলা শাখার মূল কমিটির তালিকায় সাংগঠনিক সম্পাদক হিসেবে কিরাটন এলাকার তোফাজ্জল হোসেন নামে অন্য একজনের নাম রয়েছে। কিন্তু ওই কমিটির প্যাড সম্পাদনা করে তাঁর ভাতিজা তোফাজ্জল হোসেন রাজার নাম ও ঠিকানা যুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মূল কমিটির তালিকা এবং তাঁদের কাছে থাকা কমিটির প্যাডের মধ্যে নামের এই পার্থক্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
পরিবারের অভিযোগ, কমিটির প্যাডে নাম যুক্ত করে রাজাকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পরে সেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, মিঠামইন থানায় দায়ের করা একটি মামলার তদন্তসংশ্লিষ্ট আসামি হিসেবে গত ২০ নভেম্বর ভোর সাড়ে তিনটার দিকে কাটখাল এলাকা থেকে রাজাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১৭ আগস্ট মামলাটি দায়ের করা হয়েছিল। পরে তাঁকে আদালতে পাঠানো হয়। পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদনে তাঁকে আওয়ামী লীগ ও করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি পরিবারের।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট মিঠামইন বাজারে বিজয় মিছিল চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, মারধর ও লুটপাটের ঘটনায় রাজা জড়িত ছিলেন। তবে পরিবারের দাবি, ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি একজন সাধারণ জুয়েলারি ব্যবসায়ী। জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে রাজনৈতিক পরিচয়ে মামলায় ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে তোফাজ্জল হোসেন নামে একজন রয়েছেন। তবে তোফাজ্জল হোসেন রাজা নামে কেউ নেই।
অন্যদিকে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে যদি মনে করা হয় তোফাজ্জল হোসেন রাজা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন, তাহলে তাঁরা প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারেন।
সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন রাজার মা মুর্শিদা আক্তার, চাচা মো. জসিম উদ্দিন, মো. বুলুমিয়া ও চাচি সুফিয়া আক্তার উপস্থিত ছিলেন।

