সান্তাহারে আড়াই কোটি টাকা ব্যয়ে দুই সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
পৌরসভা সূত্রে জানা গেছে, সাইলো সড়ক থেকে তারাপুর পর্যন্ত ৫৫৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা। অন্যদিকে, তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত ২৪৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা। সব মিলিয়ে ৭৯৬ মিটার দীর্ঘ সড়ক দুটি নির্মাণে ব্যয় হচ্ছে ২ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৯৯২ টাকা।
সড়ক দুটি নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহামুদুল আলম, পৌর কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, পৌর তাঁতীদলের সভাপতি এস এম জোবায়ের হোসেন জবাসহ স্থানীয় নেতাকর্মী ও ঠিকাদাররা।

