আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির পৃথক আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিলুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ এবং আদমদীঘি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
অন্যদিকে, উপজেলা বিএনপির উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহসভাপতি কামরুল হাসান মধু ও গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

