নেত্রকোনায় নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে মতবিনিময় সভা
নেত্রকোনা প্রতিনিধি:
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং গ্রাহক পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা (রুফটপ সোলার) স্থাপনে উৎসাহিত করতে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক দিদারুল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, সোলার খাতে আগ্রহী উদ্যোক্তা ও বিভিন্ন অংশীজন সভায় অংশ নেন।
আলোচনায় নিরাপদ ও মানসম্মতভাবে রুফটপ সোলার সিস্টেম স্থাপন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তি এবং গ্রাহকদের কাছে সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, দেশের বিদ্যুৎ চাহিদার চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ভবনের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি, বাণিজ্যিক, শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার সুযোগ রয়েছে।
বক্তারা বলেন, রুফটপ সোলারের বিস্তার হলে একদিকে গ্রাহকের বিদ্যুৎ ব্যয়ের চাপ কমতে পারে, অন্যদিকে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়বে। পাশাপাশি এ খাতে দক্ষ সার্ভিস প্রোভাইডার ও নতুন উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ তৈরি হতে পারে।
সভায় সংশ্লিষ্টরা রুফটপ সোলার স্থাপনে নিরাপত্তা, মানসম্মত সরঞ্জাম ব্যবহার এবং দক্ষ সেবা প্রদানকারীদের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

