অগ্রিম বুকিংয়ে বাজিমাত করেছে ‘দৃশ্যম ৩’, কত আয় করেছে সিনেমাটি?
নিউজ ডেস্ক:
বলিউডে বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর তালিকায় রয়েছে ‘দৃশ্যম ৩’। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগন অভিনীত সিনেমাটি। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহের প্রমাণ মিলেছে অগ্রিম বুকিংয়ে।
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমাই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বক্স অফিসেও সিনেমা দুটি করেছিল বড় অংকের ব্যবসা। ফলে তৃতীয় কিস্তি ঘিরেও দর্শকের প্রত্যাশা রয়েছে তুঙ্গে।
এরই মধ্যে শুরু হয়েছে ‘দৃশ্যম ৩’সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বুকিংয়ে মাত্র ৪৮ ঘণ্টায় চার লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালের হিসেব অনুযায়ী, সিনেমাটি মুক্তির তিন দিন আগেই অগ্রিম বুকিং থেকে ১০ কোটি রুপি বেশি আয় করেছে। অর্থাৎ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আয়ের দিক থেকে বড়সড় সাড়া ফেলেছে ‘দৃশ্যম ৩’।
সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। অজয় দেবগনকে ঘিরেই আবর্তিত হবে গল্পের মূল অংশ। আগের দুই কিস্তির সাফল্যের কারণে তৃতীয় পর্ব নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে বেশ আগে থেকেই।
মুক্তির আগে অগ্রিম বুকিংয়ের এই পরিসংখ্যান দেখে সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্স নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। এখন দেখার বিষয়, ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে ‘দৃশ্যম ৩’।

