নিকলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কিশোরগঞ্জের নিকলীতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।

এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মনির, তথ্যসেবা কর্মকর্তা তসলিমা ফেরদৌসী মণি, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাসেল মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তাপস সাহা অপু, নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ, ওলামা দলের সদস্য সচিব মো. নুরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

সভাপতির বক্তব্যে ইউএনও শামীম আরা বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। নিকলীকে ডেঙ্গুমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাড়ির আঙিনায় পড়ে থাকা পলিথিন, নারিকেলের খোসা, প্লাস্টিকের সামগ্রী, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি ঘরের আশপাশের অপ্রয়োজনীয় আগাছা পরিষ্কার এবং মাটির গর্তে পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে।

তিনি আরও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

এ সময় তিনি বলেন, “আসুন, আমরা নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি এবং ডেঙ্গুমুক্ত নিকলী গড়ে তুলি।”

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ