নিকলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভা
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সালেহা খাতুন, উপজেলা ইন্সট্রাক্টর নাহিদা আলম, তথ্যসেবা কর্মকর্তা তসলিমা ফেরদৌসী মণি, নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্য, এনজিও ফোরামের সভাপতি জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরক্ষরতা দূরীকরণ ও সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

