হোসেনপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউদ্দিন, সদস্য আব্দুল কাদির বাবুল, আসাদ ও স্বপন মিয়া।

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন তারা।

বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহারের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগ অস্বীকার না করে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ যদি তদন্তে সত্য প্রমাণিত হয় এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সত্যতা পান, তাহলে সাংগঠনিকভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আমি তা মেনে নেব।”

উল্লেখ্য, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছে। সর্বশেষ এ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ