কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: 

কুড়িগ্রামে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বপ্নকুঁড়ি’তে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম এবং উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কুড়িগ্রামের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাকিবুল হাসান নিশাত।

কর্মশালায় নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্যবিষয়ক জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। শিক্ষকেরা শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

জনস্বার্থে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ