ঈদ বাজার পেয়ে হাসি ফুটল তাড়াইলের ১’শ অসচ্ছল পরিবারের মুখে

মো. মনির হোসেন: কিশোরগঞ্জের তাড়াইলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান শতদল সোসাইটির উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ বাজার উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর বরুহা ব্রীজ মোড় সংলগ্ন গেদু ভূঁইয়া সুপার মার্কেট শতদল সোসাইটির কার্যালয়ে অসচ্ছল ১’শ পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ করা হয়।

এতে রয়েছে দেশি মুরগি, চাল, সয়াবিন তেল, ডাল, দুধ, চিনি, সেমাই, নুডলস, পেঁয়াজ, পোলার চাল, আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী, সিইও সেলিম আহম্মেদ, সিনিয়র ম্যানেজার মাজহারুল ইসলাম বাবুসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বরুহা সওদাগড় পাড়া এলাকার বাসিন্দা মোছা. শাহানা আক্তার ঈদ উপহার পেয়ে বলেন, ঈদের আগে এমন উপহার পেয়ে খুব খুশি লাগছে। আমাদের মতো গরীব মানুষের জন্য এই সহযোগিতা অনেক বড় সহায়তা। এতে করে ঈদের দিনটা একটু ভালোভাবে কাটাতে পারবো। যারা আমাদের এই উপহার দিয়েছে আল্লাহ তাদের কাজে বরকত দান করুক।

রাহেলা গ্রামের আসাব উদ্দিন বলেন, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি। এমন সময়ে ঈদ বাজার পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। পরিবারের সবাই নিয়ে শান্তিতে ঈদটা করতে পারবো।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতিষ্ঠান। অসচ্ছল, দুস্থ অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

তিনি বলেন, ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটি নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তা ছাড়াও মাদকবিরোধী সচেতনতা, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগকালীন সহযোগিতায় সক্রিয় রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ