অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ, বাবার চোখে আনন্দের অশ্রু
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কঠোর পরিশ্রম, মেধা ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌসী সেতু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনুষ্ঠিত চূড়ান্ত এমবিবিএস (MBBS) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে চিকিৎসা সেবার জগতে আনুষ্ঠানিকভাবে পা রেখেছেন তিনি।
ডা. জান্নাতুল ফেরদৌসী সেতু কুলিয়ারচরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম আলমের জ্যেষ্ঠ কন্যা। মেয়ের চিকিৎসক হওয়ার সাফল্যের খবরে আনন্দে ভাসছে পুরো পরিবার। প্রিয় সন্তানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই মাহেন্দ্রক্ষণে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম। আনন্দে তাঁর চোখের কোণে জমে ওঠে অশ্রু।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল জান্নাতুল ফেরদৌসী সেতুর। মেধা, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি।
ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাধারণ এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
মেয়ের সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম বলেন, “একজন বাবা হিসেবে সন্তানের এই অর্জনে আমার আনন্দ ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সে যেন তার অর্জিত শিক্ষা ও জ্ঞান দিয়ে সততা ও পেশাদারিত্বের সঙ্গে আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারে—দেশবাসীর কাছে আমি সেই দোয়াই চাই।”
এদিকে কুলিয়ারচরের এই কৃতি সন্তানের চিকিৎসক হওয়ার খবরে আনন্দিত স্থানীয়রা। আত্মীয়-স্বজন, সহপাঠী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ডা. জান্নাতুল ফেরদৌসী সেতুকে অভিনন্দন জানাচ্ছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।

