আওয়ামী লীগের শান্তি সমাবেশে যা বললেন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ
নূর মোহাম্মদ
জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ বলেছেন, জাতিকে মেধাশূন্য করতেই জেলাখানায় ঢুকে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। আর এ হত্যার বিচার কাজ বন্ধ করতে ইনডেমনিসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্ত বিলম্বে হলেও এ মামলায় রায় হয়েছে। অনেকের রায় কার্যকর হয়েছে। বাকি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
অবিলম্বে জেলহত্যা মামলার রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এবং সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলেও আশা করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি -জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল কাহার আকন্দ বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং আগামী নির্বাচন বানচাল করতে সারা দেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে জামায়াত-বিএনপি। তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কঠোর জবাব দিবে। সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে সবার প্রতি আহবান জানান তিনি।
বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: সফির উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
এগারসিন্দুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো: দুলাল মিয়া, পাকুন্দিয়া উপজেলার বুরোদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
মোস্তফা কামাল আকন্দ, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জামান সরকার, ধুলদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো: দিদার আকন্দ,
কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ দিলদার প্রমূখ।
এর আগে কটিয়াদী-২ আসনের মনোনয়ন প্রত্যাশি আবদুল কাহার আকন্দের নেতৃত্বে সন্ত্রাস বিরোধী একটি শান্তি শোভাযাত্রা বের হয়। এটি গচিহাটা, পুলেরঘাট এলাকা ঘুরে বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

