শেখ হাসিনার ক্ষেত্রেও আইন নিজস্ব গতিতে চলবে: বাবর
নেত্রকোনা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও আইন নিজস্ব গতিতে চলবে এবং তিনি দেশে ফিরে বিচার মোকাবিলা করবেন—এমনটাই আশা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, “শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে। তিনি দেশে ফিরে বিচার মেনে নেবেন, এমনটাই আশা করি।”
তিনি আরও বলেন, “আমিও তো জেলে ছিলাম। মিথ্যা মামলায় আমাকে তিনটি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর উনি তো ন্যায়ের ওপর দণ্ডিত হয়েছেন। জাতিসংঘও উনার ব্যাপারে তদন্ত প্রতিবেদন দিয়েছে। সব মিলিয়ে উনি যদি বিচার মোকাবিলা করতে চান, তাহলে সাধুবাদ জানাব।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন মিয়া, মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

