মক্কা চুক্তিকে অভিনন্দন জানালেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি ছাইফুল্লাহ
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপমহাদেশের প্রাচীন ও দেশের অন্যতম বৃহৎ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম ও আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল খায়ের মো. ছাইফুল্লাহ।
২০২৬ সালের ৭ আগস্ট শুক্রবার পবিত্র হারাম শরিফের আস-সাফা প্রাসাদে তিন দেশের মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়। এক বিবৃতিতে চুক্তিটিকে ‘মক্কা চুক্তি’ হিসেবে উল্লেখ করে মুফতি ছাইফুল্লাহ বলেন, এ চুক্তি মুসলিম বিশ্বের ঐক্যের প্রচেষ্টাকে আরও জোরদার করবে।
তিনি বলেন, চুক্তিটির পরিসর আরও বৃদ্ধি করা হলে মুসলিম দেশগুলো নিজেদের নিরাপত্তা বলয় গড়ে তুলতে সক্ষম হবে। তবে এতে সেকুলার রাষ্ট্রের অন্তর্ভুক্তি হলে চুক্তির কার্যকারিতা কিছুটা হ্রাস পেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মুফতি ছাইফুল্লাহ আরও বলেন, এ চুক্তির ফলে চরমপন্থা কমে আসবে এবং মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন জানিয়েছেন শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম।
তিনি আশা প্রকাশ করেন, ফিলিস্তিন ও আরাকানের রোহিঙ্গা মুসলিম নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ড. খলিলুর রহমান অগ্রণী ভূমিকা পালন করবেন।

