করিমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস: শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

শহীদদের কবর জিয়ারত এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচির সূচনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আবদুল মান্নান দুলাল সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেলসহ আহত জুলাই যোদ্ধা, জুলাই শহীদদের পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি সম্মান জানান। তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ