হোসেনপুরে মোবাইল কোর্টে ২০ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাছ শিকার ও মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টে প্রায় ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকুন্নাহার।
অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে জনসম্মুখে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, চায়না দুয়ারী জাল ব্যবহারে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ে, যা নদী-খাল-বিলের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে সরকার এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, নদী-খাল-বিলে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকুন্নাহার বলেন, কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ব্যবহার করে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

