ধামইরহাটে ৩ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ শুরু
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আমন ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল (উফশী) আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ধামইরহাট উপজেলার ৩ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে।

