কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ পরিবারের মাঝে ৫০ লাখ টাকার চেক বিতরণ
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ ব্যক্তির পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে ৫০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক সোহানা নাসরিন নিহতদের স্বজনদের হাতে ৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকার চেক তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ শেষে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সরকারের এই আর্থিক সহায়তা যেন যথাযথ ও কল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। তিনি এই অর্থ ফলমূল চাষ, গবাদিপশু পালন, নারীদের কারুশিল্প, লভ্যাংশভিত্তিক বিনিয়োগসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

