অষ্টগ্রামে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত

‎মোঃ নাদিরুজ্জামান হাওরাঞ্চল (অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা) প্রতিনিধি
‎
‎সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণ শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়ে প্রশাসনের কাছে দেশীয় অস্ত্র জমা দেন।
‎
‎রবিবার (১৪ জুন) সকালে অষ্টগ্রাম থানায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুলসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
‎
‎অনুষ্ঠানে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র থানায় জমা দেন। এ সময় বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে জনগণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার এই উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সামাজিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আইন মেনে চলতে হবে। অস্ত্র নয়, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়েছেন, তারা প্রশংসার দাবিদার।
‎
‎সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, অষ্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। অপরাধ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।
‎
‎জানা যায়, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি কামাল পাশার উদ্যোগ ও প্রচেষ্টায় স্থানীয় জনগণের অংশগ্রহণে এ দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।