শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

মাগুরার বছিয়া থেকে শুরু করে রাইসা-রামিশাসহ সারাদেশে ধর্ষণ ও হত্যার শিকার শিশুদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় বক্তারা বলেন, শুধু রামিশার ঘাতককে গ্রেফতার করলেই দায় শেষ নয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ কার্যদিবসের মধ্যে দৃষ্টান্তমূলক ফাঁসির রায় কার্যকর করতে হবে।

বক্তারা আরও বলেন, ধর্ষকদের পক্ষে যেসব আইনজীবী আদালতে দাঁড়ান, তারা সমাজের জন্য কলঙ্ক। ধর্ষকদের পাশাপাশি তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ